শনিবার ৭ নভেম্বর ২০২৬ - ০০:৪৫
গাজার শিশুদের কাছে শীত যেন এক আতঙ্কের নাম

নিউজ এজেন্সি— ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মাথা গোঁজার ঠাঁই নেই; আশ্রয় বলতে জরাজীর্ণ তাঁবু। এরই মধ্যে ঘনিয়ে আসছে শীত। বৃষ্টি, বন্যা ও হিমশীতল রাতের আশঙ্কায় নতুন করে আতঙ্কিত গাজার হাজারো বাস্তুচ্যুত পরিবার। বিশেষ করে শিশুদের জন্য আসন্ন শীত হয়ে উঠতে পারে জীবনসংকটের আরেকটি কঠিন অধ্যায়।

শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত পরিবারগুলো আবারও বৃষ্টি, বন্যা ও তীব্র শীতের আশঙ্কায় দিন কাটাচ্ছে। অথচ নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ব্যবস্থাটুকুও তাদের নেই।

গাজার প্রায় ২০ লাখ মানুষ এখনো নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় রয়েছে। তাদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে জরাজীর্ণ তাঁবু ও আংশিক বিধ্বস্ত ভবনে বসবাস করেই বৃষ্টি ও শীতের আতঙ্ক নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।

শীত মোকাবিলায় গাজার মানুষের জন্য প্রায় ২ লাখ তাঁবু এবং ১০ লাখ ত্রিপল প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও সামগ্রী প্রবেশে বাধার কারণে আসন্ন শীত ও বৃষ্টির মধ্যে চরম অসহায় অবস্থায় পড়েছে বাস্তুচ্যুত পরিবারগুলো।

শিশুদের জন্য যে শীত বয়ে আনে মৃত্যুর বার্তা
গাজার মানুষের কাছে বিগত শীতকালগুলো বেদনাদায়ক স্মৃতিতে পরিণত হয়েছে। বৃষ্টিতে ধসে পড়েছে তাঁবু, ঝোড়ো বাতাস কেড়ে নিয়েছে পরিবারের শেষ আশ্রয়টুকুও। আর তীব্র শীতে প্রাণ হারিয়েছে অনেক শিশু।

আবারও শীত আসছে। এমন অনেক তাঁবু রয়েছে, যেগুলো আর ঝড়-বৃষ্টি মোকাবিলার সক্ষমতা রাখে না। এমন অনেক ভবন রয়েছে, যেগুলোর ছাদ যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। অন্যদিকে, শিশুদের ঘরের উষ্ণতার পরিবর্তে পাতলা কাপড়ের তাঁবুর নিচে শীতের দীর্ঘ রাত কাটাতে হচ্ছে।

হাজারো পরিবার বন্যাপ্রবণ এলাকা, সমুদ্র উপকূল এবং ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশে বসবাস করছে। এসব এলাকায় বৃষ্টি হলেই তাদের সামান্য সম্বলটুকু ভিজে যাওয়ার পাশাপাশি শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আশ্রয় দেওয়ার মতো ঘরও নেই
দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা গাজার মানুষের জন্য টেকসই তাঁবু, ঘরবাড়ি মেরামতের সামগ্রী এবং প্রয়োজনীয় সরঞ্জাম এখন অত্যন্ত জরুরি। কিন্তু ত্রাণ ও সহায়তা প্রবেশে বিধিনিষেধের কারণে ফিলিস্তিনি পরিবারগুলো এখনো চরম অভাব ও আশ্রয়হীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

গাজায় ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটের কারণে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং জমে থাকা পানি নিষ্কাশনও কঠিন হয়ে পড়েছে। যারা নিজেদের সবকিছু হারিয়েছে, তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় এখন আর বিলাসিতা নয়; বরং বেঁচে থাকার অপরিহার্য শর্ত।

শীত আসছে। গাজার শিশুরা আবারও হিমশীতল রাত পার করার অপেক্ষায় রয়েছে। নিরাপদ ছাদ ও ঘরের উষ্ণতার পরিবর্তে তাদের ভাগ্যে জুটেছে জরাজীর্ণ তাঁবু আর বৃষ্টি ও শীতের আতঙ্ক।

কতটা হৃদয়বিদারক! গাজার কোনো মাকে সন্তানের ঘুম পাড়ানোর জন্য গল্প শোনানোর পরিবর্তে সারা রাত জেগে থাকতে হয়—এই আশঙ্কায় যে, বৃষ্টি যদি তাদের মাথার ওপর থাকা শেষ আশ্রয়টুকুও কেড়ে নেয়!

সূত্র: আল-মারকাজ আল-ফিলিস্তিনি লিল-ই'লাম (ফিলিস্তিনি মিডিয়া সেন্টার)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha